বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার থেকে ঢাকাগামী একটি উড়োজাহাজ উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে একটি চাকা খুলে পড়ে যায়। তবে ককপিটে থাকা পাইলটদের দ্রুত সিদ্ধান্ত ও পেশাদারিত্বের কারণে উড়োজাহাজটি ৭১ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এয়ারলাইন্স সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ১৫ মিনিটে বিজি-৪৩৬ ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উড্ডয়নের দুই মিনিটের মধ্যেই বিমানের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। বিষয়টি কক্সবাজার কন্ট্রোল টাওয়ার থেকে ঢাকায় জানানো হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়। সতর্ক অবস্থানে রাখা হয় ফায়ার সার্ভিস ও অন্যান্য সংশ্লিষ্ট ইউনিটকে।
দুপুর ২টা ১৭ মিনিটে ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজটি সফলভাবে রানওয়েতে অবতরণ করে। ফ্লাইটটি পরিচালনায় ছিলেন ক্যাপ্টেন বিল্লাহ ও ফার্স্ট অফিসার জায়েদ। তাঁদের সঙ্গে ছিলেন দুইজন কেবিন ক্রু। যাত্রীদের নিরাপদে পৌঁছাতে পারায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাঁদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে জানানো হয়, “যান্ত্রিক ত্রুটির ফলে চাকা খুলে পড়া একটি গুরুতর বিষয় হলেও আমাদের অভিজ্ঞ পাইলটদের কারণে এই পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে। যাত্রীরা সবাই সুস্থ ও নিরাপদ আছেন।”
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর বলেন, “এ ধরনের পরিস্থিতিতে যেভাবে ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
এ বিষয়ে বিস্তারিত তদন্তের মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।